কক্সবাজারের উখিয়ায় ‘ইয়াবা কারবারি’ দুই গ্রুপের মধ্যে কথিত গোলাগুলিতে মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২) নামে দুই ভাই নিহত হয়েছে।
এসময় ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশে তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকের ছেলে।
উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, উখিয়ার পালংখালীতে বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়াবা কারবারি দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশে তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি এবং দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়। নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।