সতীর্থরা রক্ষা পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ সাকিব

হ্যাগলি ওভালের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে বন্দুকধারীদের হামলা থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়রা রক্ষা পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

শুক্রবার হ্যাগলি ওভালের কাছে আল নুর মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে বন্দুকধারীদের ভয়াবহ হামলার মুখে পড়ে বাংলাদেশ দল। এতে ওই মসজিদে কমপক্ষে ৪১ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যান মাহমুদউল্লাহরা।

আঙ্গুলে চোটের কারণে নিউ জিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব। বাংলাদেশ দলের হামলার শিকার হওয়ার খবর শুনেছেন দেশে বসেই। এই ঘটনার পর সতীর্থরা নিরাপদে থাকায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব। টুইটারে তিনি লিখেছেন-“নিউ জিল্যান্ডে হওয়া হামলা নিয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু বলতে চাই, আমার ভাইদের আমার সতীর্থদের রক্ষা করায় সর্বশক্তিমান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ।”

এই ঘটনা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টও দিয়েছেন সাকিব- “যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই দুঃখজনক। ব্যাপারটা আরও শোচনীয় হয় যখন সন্ত্রাসী হামলা চালানো হয় কিছু নিষ্পাপ প্রার্থনারত মানুষের উপর।”

“সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি৷ কাপুরুষোচিত এই ঘটনায় স্বজন হারানো শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।”

“মহান আল্লাহকে ধন্যবাদ আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারকে হামলা থেকে নিরাপদে রাখার জন্যে। যত দ্রুত সম্ভব নিরাপদে যেন তারা দেশে ফেরে সেই কামনাই থাকলো।”