উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়তে হবে মেসির বার্সেলোনাকে। অন্যদিকে রোনালদোর ইউভেন্তুস খেলবে আয়াক্সের বিপক্ষে।
সুইজারল্যান্ডের নিওঁতে শুক্রবার ড্র অনুষ্ঠিত হয়। অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল-পোর্তো।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল।
ফাইনালের আগে ইউভেন্তুসের মুখোমুখি হতে হচ্ছে না বার্সাকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে সেমি-ফাইনালে তাদের খেলতে হবে লিভারপুল ও পোর্তোর মধ্যে বিজয়ীদের সঙ্গে।
ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে বিজয়ীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আয়াক্স ও ইউভেন্তুসের মধ্যে বিজয়ীদের সঙ্গে।
শেষ চারের প্রথম লেগ হবে ৩০ এপ্রিল ও ১ মে।
১ জুন হবে টুর্নামেন্টের ফাইনাল।