এমন বরই চেয়েছিলেন প্রিয়াঙ্কা

সম্প্রতি ভারত থেকে ঘুরে গেলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভাই সিদ্ধার্থ চোপড়ার বাগদান অনুষ্ঠান ও মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই তিনি ভারতে এসেছিলেন। ভাইয়ের বাগদানে স্বামী নিক জোনাস তার সঙ্গেই ছিলেন। সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা শেয়ার করেন। এরপর প্রিয়াঙ্কাকে আম্বানি পরিবারের ছেলের বিয়েতে দেখা গেছে। ওই সময় তার সঙ্গে ছিলেন মা মধু চোপড়া আর ভাই সিদ্ধার্থ। এরপর প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। আর যুক্তরাষ্ট্রে ফিরতেই স্বামী নিক জোনাস তাকে বড় চমক দিলেন। এই তারকা দম্পতির বাসায় এক নতুন অতিথি এসেছে। আর তা নিয়ে এসেছেন নিক। এই নতুন অতিথির নাম রেখেছেন ‘এক্সট্রা চোপড়া জোনাস’। আসলে নিক প্রিয়াঙ্কাকে কালো রঙের মার্সিডিজ মেব্যাচ উপহার দিয়েছেন। ভারতীয় মুদ্রায় এর দাম সাড়ে ১০ কোটি রুপি। প্রিয়াঙ্কা তার এই গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এই ছবিতে বলিউড সুন্দরীর সঙ্গে তার পোষ্য কুকুরকেও দেখা গেছে। আরেকটি ছবিতে নিক ও প্রিয়াঙ্কাকে চুম্বন করতেও দেখা গেছে।

ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘স্বামী যখন এক নম্বরে আসেন, তখন স্ত্রী উপহার পায়। ইন্ট্রোডিউসিং এক্সট্রা চোপড়া জোনাস। হা হা। আই লাভ ইউ বেবি। বেস্ট হাসব্যান্ড এভার।’ প্রিয়াঙ্কা গাড়ির ব্র্যান্ড এই পোস্টের সঙ্গে ট্যাগ করেছেন।

কিছুদিন আগে নিকের নতুন অ্যালবাম ‘সাকর’ মুক্তি পেয়েছে। আর নিক এর মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন। স্বামীর এই সাফল্যে প্রিয়াঙ্কা যে অত্যন্ত খুশি, তা বলার অপেক্ষা রাখে না। আসলে এমন স্বামী চেয়েছিলেন তিনি। দ্য জোনাস ব্রাদার্সের অভিষেক মিউজিক ভিডিও বিলবোর্ডে সেরা ১০০ অ্যালবামের তালিকার শীর্ষে পৌঁছে গেছে।