ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পুনঃতফসিল ঘোষণা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত শিক্ষকদের ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিতে টানা ৭২ ঘণ্টা অনশনে থাকা আট প্রার্থীর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক অনশনরতদের দেখতে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাদের খোঁজ নেয়নি।
অনশনে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের রাফিয়া তামান্না দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অথচ আমরা এত গরমে এখানে দিনাতিপাত করছি। এত কষ্টে আছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের কোনো খোঁজ নেয়নি।’
গতকাল বিকেল ৪টার দিকে ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে ভুখা মিছিলের মধ্যে অনশনকারী ডাকসুতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রার্থী মিম আরাফাত মানব, শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক প্রার্থী সোয়েব অনন্ত ও আল মাহমুদ তাহা অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলাম। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার অনশনরত অবস্থায় জগন্নাথ হল সংসদের সদস্য পদের প্রার্থী অনিন্দ্য মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে অনিন্দ্য হলে ফিরে আসেন।এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, তাদের অনশন স্থগিত করার কথা বললেও তারা শুনছে না।
গতকাল দুপুরে অনশনকারীদের দেখতে গিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও যদি আন্দোলনে নামে তার গুরুত্ব রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি রাখছি, তাদের দাবি যেন মানা হয়।’
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ শিক্ষার্থী। বিগত তিন দিন ধরে তারা আমরণ অনশন অব্যাহত রেখেছেন।