বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সময় বারবার এসেছে, যখন জনগণ কেবল একজন শাসক নয়, বরং একজন অভিভাবকসুলভ নেতৃত্বের প্রত্যাশা করেছে। এমন একজন নেতা, যিনি জনগণের সুখ-দুঃখের অংশীদার হবেন, রাষ্টু পরিচালনাকে কেবল প্রশাসনিক দায়িত্ব হিসেবে নয়, বরং জনগণের সেবার একটি মহৎ অঙ্গীকার হিসেবে দেখবেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ড ও জনসম্পধক্ত উদ্যোগ সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবে আলোচিত হচ্ছে। একজন রাজনৈতিক নেতার প্রকৃত শক্তি পদমর্যাদায় নয়, বরং জনগণের হৃদয়ে তার অবস্থানে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চল, উন্নয়ন কার্যক্রম, জনজীবনের সমস্যা ও নাগরিক বাস্তবতা সরেজমিনে পর্যবেক্ষণের ক্ষেত্রে তারেক রহমান যে ধরনের উদ্যোগ গ্রহণ করছেন, তা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে একটি নতুন ধারা প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। ভিআইপি প্রোটোকলের কঠোর বেষ্টনী, অতিরিক্ত আনুষ্ঠানিকতা কিংবা ক্ষমতার দূরত্বকে পাশ কাটিয়ে, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার মানসিকতা একজন আত্মবিশ্বাসী ও জনমুখী নেতার অন্যতম বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাস্তবতা বোঝার সর্বোত্তম উপায় হলো, জনগণের মধ্যে থাকা। কাগজে-কলমে প্রাপ্ত তথ্য অনেক সময় প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। কিন্তু একজন নেতা যখন নিজেই মাঠে যান, মানুষের কথা শোনেন, তাদের সমস্যাগুলো সরাসরি উপলব্ধি করেন তখন সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর, বাস্তবমুখী ও জনকল্যাণমুখী হয়। এই দর্শনই উন্নত রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতা ও জনগণের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করে, রাষ্ট্রের উচ্চপর্যায় তাদের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয়। কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন জনগণের মধ্যে উপস্থিত হন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের জীবনযাত্রার বাস্তবতা বোঝার চেষ্টা করেন, তখন সেই দূরত্ব কমতে শুরু করে। এতে নাগরিকদের মধ্যেও রাষ্ট্রের প্রতি আস্থা বৃদ্ধি পায় এবং গণতন্ত্র আরও শক্তিশালী হয়। তারেক রহমানের মানবিক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা এবং গণমুখী রাজনৈতিক দর্শন কেবল একজন ব্যক্তির নেতৃত্বের বৈশিষ্ট্য হিসেবেই সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রকৃত অর্থে জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজন এই সংস্কৃতির প্রাতিষ্ঠানিক রূপায়ণ। দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা যদি একই মানসিকতা নিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল ও টেকসই হতো। ভাবতে ভালো লাগে, যদি দেশের প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজে মাঠে গিয়ে মানুষের সমস্যা দেখতেন, যদি প্রতিটি জনপ্রতিনিধি নির্বাচনের সময়ের মতো সবসময় জনগণের পাশে থাকতেন, যদি প্রতিটি রাজনৈতিক নেতা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিতেন তাহলে বাংলাদেশের প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং উন্নয়ন কার্যক্রমের গতি বহুগুণ বৃদ্ধি পেত।
বিশ্বের উন্নত ও উদীয়মান রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখা যায়, তাদের সাফল্যের পেছনে কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং জবাবদিহিমূলক নেতৃত্ব, মাঠভিত্তিক প্রশাসন এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশও সেই পথেই এগিয়ে যেতে পারে। আর সেই যাত্রায় গণমুখী নেতৃত্বের চর্চা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বিশেষ করে, দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ আজ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। আমাদের রয়েছে তরুণ জনগোষ্ঠী, ভৌগোলিক কৌশলগত অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশাল মানবসম্পদ। কিন্তু এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গ শক্তিতে রূপ দিতে হলে প্রয়োজন দূরদর্শী, মানবিক ও কর্মমুখী নেতৃত্বের সমন্বিত প্রয়াস। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত সবাই যদি জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার নয়, সমগ্র বিশ্বের একটি মর্যাদাপূর্ণ উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।
আজকের বাংলাদেশ এমন এক রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে, যেখানে ক্ষমতা নয় সেবা হবে নেতৃত্বের মূল পরিচয়। প্রোটোকল নয়, জনগণের কাছে পৌঁছে যাওয়াই হবে নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তিস্বার্থ নয়, জাতীয় স্বার্থই পাবে সর্বোচ্চ অগ্রাধিকার। এই আদর্শ বাস্তবায়িত হলে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে, দুর্নীতি ও অনিয়ম কমবে, জনসেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। একজন নেতার ইতিবাচক উদ্যোগ তখনই সত্যিকার অর্থে জাতীয় শক্তিতে পরিণত হয়, যখন তার সহকর্মী, মন্ত্রিপরিষদ, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরাও সেই আদর্শকে অনুসরণ করেন। তাই আজ সময়ের দাবি হলো দেশের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুন, মাঠে নামুন, মানুষের কথা শুনুন এবং উন্নয়নের সুফলকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন। বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে যদি মানবিকতা, জবাবদিহি, জনসম্পৃক্ততা এবং দেশপ্রেমকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা যায়। সেই লক্ষ্যেই একটি গণমুখী, মানবিক এবং কর্মমুখী রাজনৈতিক সংস্কৃতির বিকাশ অত্যন্ত জরুরি। আর এই সংস্কৃতি যত বিস্তৃত হবে, ততই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী, মর্যাদাবান ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।
লেখক : কেন্দ্রীয় নির্বাহী সদস্য
গবেষণা ও মনিটরিং উইংস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)
