শেষ পর্যন্ত আলাদাই হলেন এই সেলিব্রিটি দম্পতি

এবার দুজনেই ডিভোর্স ফাইল করলেন। গত বছর তারা পরীক্ষামূলকভাবে আলাদা হয়ে গিয়েছিলেন। বলছি ভারতের চিত্রনির্মাতা মধু মান্টেনা এবং ডিজাইনার মাসাবা গুপ্তর কথা।

বুধবার মাসাবা এবং মধু ডিভোর্স ফাইল করেন বান্দ্রার ফ্যামিলি কোর্টে।

তারা একটি যৌথ বিবৃতিতে জানান, “অনেক চিন্তা-ভাবনার পরে আমরা দুজনে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা স্থির করেছি আগামী দিনে দুজনে পৃথকভাবে পথ চলবো এবং এই বিবাহ থেকে আলাদা হয়ে যাবো।”

মাসাবা ও মধু বলেন, “আমরা দুজন একদম দু'রকম ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। দুজনেরই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং যত্ন রয়েছে কিন্তু আমাদের দুজনের পছন্দ একেবারে আলাদা। এই সময়টা আমরা একেবারেই একান্তে নিজেদের মতো করে কাটাতে চাই। আমাদের সেই সুযোগটুকু যারা দেবেন, তাদের ধন্যবাদ।”

গতবছর অগস্ট মাসে মাসাবা গুপ্ত এবং মধু মান্টেনা নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা জানান। প্রথমে তারা পরীক্ষামূলকভাবে আলাদা থাকা শুরুও করেন।

২০১৫ সালের জুন মাসে মাসাবা ও মধু মান্টেনার রেজিস্ট্রি বিবাহ হয়েছিল। তারপর তারা একটি বড় পার্টির আয়োজন করেছিলেন। অভিনেত্রী নীনা গুপ্ত এবং ক্রিকেটার ভিভ রিচার্ডসের মেয়ে মাসাবা।