সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার একটি স্টিল মিলের ফার্নেস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে গুরুতর আহত ৪ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। শনিবার ভোরে শীতলপুর অটো স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুল্লাহ হারুন পাশা জানান, সোনাইছড়ি এলাকার নাজিম উদ্দিন গং এর মালিকানাধীন শীতলপুর স্টিল রি রোলিং মিলের ফার্নেসে বড় লোহার পাত দেওয়ার সময় ফার্নেসে পুরাতন লোহার পাতে বিসেস্ফারণ ঘটে ৬ শ্রমিক দগ্ধ হন।
অন্য শ্রমিকের সহায়তায় কারখানা কর্তৃপক্ষ আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত ৪জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেকের এএসআই আলাউদ্দিন বলেন, “ভোরে দগ্ধ ৬ শ্রমিককে ভর্তি করা হয়। পরে আহত ৪ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়।”
শীতলপুর স্টিল মিলের মালিক নাজিম উদ্দিন বলেন, “সবার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি।” শ্রমিকদের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।