স্কুলে যাওয়া হলো না ছোট্ট আনিকা’র

দাগনভূঞায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল ভ্যানে থাকা আইনুন নাহার আনিকা (৭) নিহত ও সহপাঠী-চালকসহ আরো অন্তত ৪জন আহত হয়েছে। শনিবার উপজেলার উপজেলার দুধমুখা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুধমুখা আইডিয়াল কিন্ডার গার্টেনের একটি ভ্যান শিক্ষার্থীদের নিয়ে দুধমুখা বাজারে পৌঁছালে পেছন থেকে ব্রিক ফিল্ডের মাটিবোঝাই একটি ট্রাক্টর চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আইনুন নাহার আনিকা মারা যায়।

এছাড়াও ভ্যানে থাকা আইমন (১০), হিমেল (৭), মাহাদি (৭) নামে তিন শিশুসহ চালক বেলাল হোসেন (৪০) গুরুতর আহত হয়। তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আইনুন নাহার আনিকা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে। সে দুধমুখা আইডিয়াল কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এদিকে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ফেনী-বসুরহাট সড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধদের দাবির পরিপ্রেক্ষিতে এসবি ব্রিকফিল্ড বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি) চৈতি সর্ববিদ্যা।

দাগনভূঞা থানার (ওসি) মো. ছালেহ আহমদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।