দুই নেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ভোটারদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা কাজ করলেও উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে অনেক। কেমন ভোট হবে কিংবা ভোটের দিন কী ঘটবে এমন নানা উৎকণ্ঠায় রয়েছেন ভোটাররা।

এই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী এবং আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা হুসাইন মো. আবু তৈয়ব। এ ছাড়া জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আরেক প্রার্থী আবছার আহমেদ চৌধুরী।

এ নির্বাচনে মূলত নৌকা ও আনারস প্রতীকের দুই প্রার্থীর মধ্যে মূল লড়াইটা চলবে। প্রচারের দিন থেকে শুরু করে দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা গত কদিন ধরে বেশ সরগরম ছিলেন নির্বাচনী মাঠে। সে তুলনায় লাঙ্গল প্রতীকের প্রার্থী কোনো প্রচার করেননি।

এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ঘরানার সমর্থক, নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝেও উদ্বেগের শেষ নেই। অতীতে এই দুই নেতার অন্তঃকোন্দল, গ্রুপিংসহ নানা কারণে এই নির্বাচনটা আলাদা গুরুত্ব বহন করছে। দলীয় ও বিদ্রোহী দুই প্রার্থীর জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে অনেক কিছু। স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করছেন, এটা শুধু ভোটের লড়াই নয়, এ যেন অস্তিত্ব রক্ষার লড়াই। ভোটে হারলে রাজনীতির মাঠ থেকে দূরে সরে যেতে হবে এমন শঙ্কাও আছে প্রার্থীদের।

প্রসঙ্গত, ফটিকছড়ি আওয়ামী লীগে ‘ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’ ও ‘ফটিকছড়ি আওয়ামী পরিবার’ নামে বিবাদমান দুটি গ্রুপ রয়েছে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী মূল দলের এবং বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুসাইন মো. আবু তৈয়ব আওয়ামী পরিবার নামের অপর গ্রুপটির নেতৃত্ব দিয়ে আসছে। পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গিয়ে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে। নির্বাচনকে কেন্দ্র করে কোন্দলের উত্তাপ আরও বেড়েছে। তাই এই দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।  

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকার প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী বলেন, কোনো অপশক্তিই নৌকার বিজয় ঠেকাতে পারবে না। 

আনারস প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুসাইন মো. আবু তৈয়ব বলেন, কর্মী-সমর্থকদের আবেগ, ভালোবাসা ও গণমানুষের অকুণ্ঠ সমর্থনই আনারসের বিজয় নিশ্চিত করবে।