২০২০ কোপার আয়োজক আর্জেন্টিনা-কলম্বিয়া

২০২০ সালে কোপা আমেরিকা আয়োজনের অনুমতি চেয়ে কনমেবলের কাছে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দ্বিতীয়বারের মতো তাদের প্রস্তাব ফিরিয়ে দিল দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। এতে করে ২০২০ টুর্নামেন্টের যৌথ আয়োজক হিসেবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম সামনে চলে এসেছে।

বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত কনমেবলের কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচের বিষয়ে কনমেবল থেকে বলা হয়েছে, ‘২০২০ কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজকের বিষয়টি আমরা জোড়ালোভাবেই বিবেচনা করছি।’ শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হলে আধুনিক কোপা আমেরিকা যুগে এই প্রথমবারের মতো দুই দেশে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজিত হতে পারে।

যদিও আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার দূরত্ব দুই দেশের যৌথ আয়োজক হওয়ার ব্যাপারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ১৪ জুন থেকে ১৭ জুলাই এ বছরের কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এ বছরের টুর্নামেন্টের পর প্রতি এক বছর অন্তর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।