চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র-তে বার্সেলোনাকে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির জন্য কঠিন চ্যালেঞ্জ টুর্নামেন্ট ফেভারিটদের টপকানো। এর মধ্যে বার্সেলোনার মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ওলে গানার সোলসকায়েরের দলকে। বার্সার মাঠে ড্র করে ফেরা যে কোনো দলের কঠিন কাজ। কিন্তু সোলসকায়ের মনে করেন এই কঠিন কাজকে ভয় পায় না তার দল। একই সঙ্গে তার দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সামর্থ্য আছে বলেও উল্লেখ করলেন এই কোচ। তবে চতুর্থবার শিরোপা জয়ের জন্য ভাগ্যের সহায়তাও চাই সোলসকায়েরের।
বার্সার মাঠ ন্যু ক্যাম্পে দুই লেগের প্রথমটি খেলার কথা ছিল ম্যানইউর। দ্বিতীয় লেগ নিজের মাঠে। সেক্ষেত্রে একটু স্বস্তিতে থেকে পরের লেগে নামার সুযোগ ছিল রেড ডেভিলদের। কিন্তু দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের ম্যাচও একই দিনে পড়ে যায়। এক রাতে একই শহরে (ম্যানচেস্টার) দুটি কোয়ার্টার ফাইনাল আয়োজন করা থেকে সরে আসে উয়েফা। তাই ম্যানইউকে প্রথম লেগ খেলতে হবে ঘরের মাঠে আর দ্বিতীয়টি বার্সার মাঠে।
শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জিতেছিল ম্যানইউ। ঘরের মাঠে প্রথম লেগ ২-০ তে হেরেও দ্বিতীয় লেগ ৩-০ তে জিতে যায় তারা। সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার নিশ্চিত করে রেড ডেভিলরা। অ্যাওয়ে ম্যাচের ওই জয়কে আত্মবিশ্বাস হিসেবে দেখছেন সোলসকায়ের, ‘বার্সার মাঠে দ্বিতীয় লেগ খেলতে কোনো অসুবিধা নেই আমার। আমি অন্য কোচদের চেয়ে আলাদা। আমার কাছে গত রাউন্ডে পিএসজির সঙ্গে যেভাবে জিতেছি সে ম্যাচগুলোই বেশি ভালো লাগে। আমরা অবশ্যই বার্সার মাঠে দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত।’
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে ভাগ্যের সহায়তার ব্যাপারে সোলসকায়ের জানান, ‘পিএসজির মাঠে আমরা দেখিয়েছি নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। একই ভাবে যে কোনো কিছু করে দেখানোরও। কিন্তু সেই রকম ভাগ্যের সহায়তাটা যদি না পাই তাহলে নিজের মাঠেও কিছু করে দেখানো কঠিন।’
অতীতে ২০০৯ ও ২০১১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল বার্সেলোনার সঙ্গে পেরে ওঠেনি ম্যানইউ। এবার তার পুনরাবৃত্তি হবে না অতীত বদলাবে তাই দেখার।