স্মরণসভায় বক্তারা

আজন্ম লড়াকু ছিলেন মহসিন শস্ত্রপাণি

কথা-কবিতা পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হলো দেশের প্রগতিশীল রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি ও সমাজ আন্দোলনে নিবেদিত সম্পাদক ও লেখক মহসিন শস্ত্রপাণিকে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়। মহসিন শস্ত্রপাণি স্মরণ জাতীয় কমিটির এই আয়োজনে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, খালিকুজ্জামান, টিপু বিশ্বাসসহ অনেকে।

এ সময় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সবাই যখন ক্যারিয়ারমুখী তখন মহসিন শস্ত্রপাণি মানুষের জন্য নিজেকে নিবেদিত করেছেন। তেল-গ্যাস বন্দর রক্ষা আন্দোলনে যুক্ত থেকেছেন। ‘উন্মেষ’, ‘ক্রান্তি’সহ নানা সংগঠন, পত্রিকার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মহসিন শস্ত্রপাণি। কখনো রাজপথে, কখনো লেখনীতে মানুষের জন্য লড়াই করেছেন।’ সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আদর্শের সঙ্গে আপস করেননি মহসিন শস্ত্রপাণি। আজন্ম লড়াই করেছেন, প্রগতিশীল আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ ছিলেন তিনি। আমাদের প্রগতিশীল, রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি ও সমাজ আন্দোলনে নিবেদিত থেকে আলোর মশাল জ্বালিয়েছেন। তার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথা ভাঙার মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হয়। মহসিন শস্ত্রপাণি নতুনের সৃজন করেছেন। আমাদের জাতীয় জীবনে আলোর মশাল জ¦ালিয়ে রেখেছেন। প্রগতিশীল আন্দোলনের পথে বারবার তিনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’ অনুষ্ঠানে কবিতা পাঠের মাধ্যমে মহসিন শস্ত্রপাণিকে স্মরণ করেন মুনির সিরাজ, মতিন বৈরাগী, রেজাউদ্দিন স্টালিন, ফরিদুজ্জামান প্রমুখ।