সড়ক ও ট্রেনে শিশুসহ নিহত ৬

ফেনীর দাগনভূঞায় স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় আইনুন নাহার আনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার উপজেলার দুধমুখা বাজার এলাকার এ দুর্ঘটনায় আহত হয় আরও চারজন। আনিকা উপজেলার চ-ীপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে। সে দুধমুখা আইডিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিন চট্টগ্রামের হাটহাজারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে এক যুবক নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে দাগনভূঞা থানার ওসি ছালেহ আহমদ পাঠান জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলের একটি ভ্যান শিক্ষার্থীদের নিয়ে দুধমুখা বাজারে পৌঁছালে পেছন থেকে মাটিবোঝাই ট্রাক্টর একে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিকা মারা যায়। এ সময় ভ্যানে থাকা আইমন (১০), হিমেল (৭), মাহাদি (৭) নামে তিন শিশুসহ চালক বেলাল হোসেন  

 (৪০) গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ফেনী-বসুরহাট সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, গতকাল হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বাসস্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পৌরসভার পূর্ব দেওয়ান নগর ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে।

বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সকালে ট্রলির সংঘর্ষে জাহেদুল মৃধা (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার কাছিপাড়া বাজারের মৃধাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী আল আমিন গুরুতর আহত হয়। জাহেদুল কাছিপাড়া ইউনিয়নের ছালাম মৃধার ছেলে।

ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রীসহ নিহত ৩ : কুষ্টিয়ায় হেডফোন কানে লাইন পার হওয়ার সময় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এদিন টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় আরও দুজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ওসি সোলেমান হোসেন মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে এসে পোড়াদহ স্টেশনে নামেন আকাশী খাতুন (২০)। এরপর রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে তার ধাক্কা লাগে। হেডফোন কানে থাকায় ট্রেন ঢুকে পড়েছে মেয়েটি বুঝতে পারেনি। তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। আকাশী মিরপুর উপজেলার কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের মেয়ে। কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি সম্মান ১ম বর্ষের ছাত্রী ছিলেন।

এদিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রসুলপুর গ্রামের বিবলেশ তালুকদারের স্ত্রী রেখা (৪০) ও অটোরিকশার চালক মগড়া ইউনিয়নের দিখিবিঘা গ্রামের কাউছার মিয়া (৪২)।