একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির অসুস্থ হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল দেশ রূপান্তরকে বলেন, শাহরিয়ার কবির কিডনি ও হার্টের নানা জটিলতায় ভুগছেন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড ১৮ মার্চ (আগামীকাল সোমবার) রিপোর্ট জানাবে। শাহরিয়ার কবিরের অসুস্থতার কারণে সংগঠনের সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন।
মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির একাধারে খ্যাতনামা লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা। তিনি শিশুদের জন্য লিখছেন কয়েক দশক ধরে। ১৯৯২ সাল থেকে তিনি নিরলসভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে জনমত গঠনসহ নানাবিধ কাজ করে চলেছেন।