আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে সেমিতে ম্যানসিটি

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে বিপদেই পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ মুহূর্তে সের্হিও আগুয়েরোর বিতর্কিত এক গোলে সোয়ানসি সিটিকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে পেপ গুয়ার্দিওলার দল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রতিযোগিতাটির তীব্র উত্তেজনাপূর্ণ কোয়ার্টার-ফাইনাল ম্যাচটিতে ৩-২ গোলের জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি।

নিজেদের মাঠে ২০তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ম্যাট গ্রিমেসের গোলে এগিয়ে যায় সোয়ানসি। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দলটির কসোভিয়ান মিডফিল্ডার বেসান্ত সেলিনা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আর ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। ৬৯তম মিনিটে আগুয়েরোর পাস থেকে বের্নারদো সিলভার গোলে ব্যবধান কমায় অতিথি দল। ৭৮তম মিনিটে সোয়ানসির গোলকিপার নিজেদের জালে বল জড়িয়ে বসলে সমতা ফেরে লড়াইয়ে।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে অসাধারণ এক হেডে দলকে জয় এনে দেন আগুয়েরো। বের্নারদো সিলভার ক্রস থেকে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গোলটি নিয়ে এরই মধ্যে বিতর্ক উঠেছে। ভিডিও রিপ্লেতে দেখা যায় হেড নেওয়ার অফসাইডে ছিলেন আগুয়েরো।

কোয়ার্টার-ফাইনালের অপর ম্যাচে উলভারহ্যাম্পটনের মাঠে খেলতে গিয়ে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেছে দলটি।