পটুয়াখালীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ জেলে জুয়েল বয়াতীর মৃতদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টায় উপজেলার চর ওয়াডেলের উত্তর পাশে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

গত শুক্রবার ভোরে ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ এর ধাক্কায় জেলে জুয়েল নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় তার সঙ্গীয় নাহিদ ও নাজমুল গুরুতর আহত হয়।

এ ঘটনায় জুয়েলের বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জেলে জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।