জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লায় ১লাখ রক্তদাতার তথ্য সংবলিত ‘ব্লাড লিংক কুমিল্লা’ অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও রক্তদাতা সংগঠন জাগ্রত মানবিকতার উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।
রবিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে ফিতা কেটে ‘ব্লাড লিংক কুমিল্লা’ অ্যাপস এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম), সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান ও জাগ্রত মানবিকতার সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ১৫ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন কার্যালয় এবং জাগ্রত মানবিকতার সহযোগিতায় ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের প্রসার দেখে কুমিল্লা জেলা প্রশাসক ও সিভিল সার্জন সকল ব্লাড ডোনারদের ডাটাবেজ তৈরির ঘোষণা দেন।
এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রায় এক লাখ ডোনারের নাম, ঠিকানা, রক্তের গ্রুপ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তা অ্যাপসে সংযোজন করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে যে কোন ব্যক্তি ব্লাড ডোনারের সঙ্গে যোগাযোগ করে ব্লাড সংক্রান্ত সহযোগিতা নিতে পারবে।