‘৩০ লাখ শহীদের দেশের মাটিতে আমরা কীভাবে ময়লা ফেলি!’

রাজধানীতে যত্রতত্র ময়লা ফেলতে নিষেধ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘যে দেশ ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা, যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার শুয়ে আছে, সেই দেশের মাটিতে কীভাবে ময়লা ফেলি!’

রবিবার তেজগাঁও রেলক্রসিং সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডিএনসিসি আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘আসুন আমরা আজ তার জন্মদিনে বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করি এই ঢাকাতে যেন কোনো ময়লা না ফেলি।

আতিকুল ইসলাম বলেন, জাতির পিতার ৯৯তম জন্মদিন আমাদের অনেক শিখার আছে, কীভাবে দেশকে স্বাধীন করেছেন। আমাদের শিখার আছে তিনি কীভাবে দেশের জনগণকে ভালোবেসেছেন। আমাদের শিখার আছে তিনি কীভাবে জেলের মধ্যে খেটে খেটে বছরের পর বছর থেকেছেন।

মেয়র বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন দেশের, একটি ক্ষুধামুক্ত দেশের। তিনি ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, আমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমি আজ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ সবাইকে বলতে চাই, আমাদের যা কিছু আছে, আমরা তা নিয়ে আমাদের নগরকে যেন পরিষ্কার করতে পারি, এটি হচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন’।

সাবেক এ ব্যবসায়ী নেতা এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের সঙ্গে ঝাড়ু দিতে চাই, আপনাদের সঙ্গে ড্রেন পরিষ্কার করতে চাই। এটাই হবে আমার বড় বড় সংবর্ধনা।

তিনি বলেন, আমি যে ওয়ার্ডের দেয়ালে রং করা হবে। ড্রেন পরিষ্কার করা হবে, সে ওয়ার্ডে একমাত্র যেতে চাই। ফুল নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না।

আতিকুল বলেন, আসুন আমরা ‘লাভ ঢাকা’ স্লোগানে ঢাকাকে পরিষ্কার রাখি। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ডিএনসিসি ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, ডিএনসিসির কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, শিশু, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী-সামাজিক-ব্যবসায়িক-পেশাজীবী সংগঠন সদস্য।