পুতুলের বিয়ে

বিয়ে করতে যাচ্ছেন সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুল। গত ১৫ মার্চ পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। বরের নাম ইসলাম নুরুল। পুতুল জানান, হবু বর ইসলাম নুরুল কানাডা প্রবাসী। সেখানে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি শখের বসে ফটোগ্রাফিও করেন। দুদিন আগেই ইসলাম নুরুলকে প্রথম দেখেছেন জানিয়ে এই ক্লোজআপ তারকা বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হচ্ছে। ঘরোয়া আয়োজনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। পরিবার থেকে অনেকদিন থেকেই বিয়ের কথা হচ্ছিল। অনেক পাত্র দেখেছে কিন্তু আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছিলাম না। অবশেষে গত আট মাস আগে পরিবারের সবাই নুরুলকে দেখেন। আমি তার সঙ্গে এতদিন কথা বলেছি। দুজন দুজনকে বুঝতে চেষ্টা করেছি। আমি যে ধরনের মানুষ চেয়েছিলামÑ তাকে আমার তেমনই মনে হয়েছে। তবে তাকে আমি সরাসরি দেখেছি দুদিন আগে, বাগদানের দিন। ওই দিনই যে বাগদান হবে সেটা আমিও জানতাম না। আর এত তাড়াতাড়ি বিয়ের দিন চূড়ান্ত হওয়ায় সব আয়োজন সারতে বেশ বেগ পেতে হচ্ছে। আগামী ২০ মার্চ বিয়ে অনুষ্ঠিত হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জীবনসঙ্গী হিসেবে নুরুলকে পছন্দ করা প্রসঙ্গে পুতুল বলেন, ‘আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিস্বাধীনতার জায়গা। নুরুলও সে রকম। তিনি আমার তারকাখ্যাতি বা বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আমার প্রতিভা, সংস্কৃতিচর্চা ও আমার পেশাকে খুব সম্মান করেছেন। তিনি কিছুতেই চান না আমার এই পেশা থেকে আমি কখনো দূরে সরে যাই। এ জন্য বিয়ের পর আমাকে বাংলাদেশ-কানাডা যাওয়া-আসার মধ্যেই থাকতে হবে।’  

এদিকে বিয়ের প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও ব্যাপক ধুমধাম করেই বিয়ের অনুষ্ঠান করবেন পুতুল। জানা গেছে, বিয়ে উপলক্ষে একটি নতুন গানও তৈরি করেছেন এই শিল্পী। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন পুতুল। এরপর গান, উপস্থাপনা, ফ্যাশনসেন্স এবং লেখালেখি দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি।