নির্বাচিত হওয়ায় ফুলেল সংবর্ধনা পাওয়ার বদলে কাজে মনোযোগী হতে চান বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল রবিবার রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, ‘অনেকে আমাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে চেয়েছেন। ফুল নিয়ে সময় নষ্ট করতে চাই না।
আমি আপনাদের সঙ্গে ঝাড়– দিতে চাই, ড্রেন পরিষ্কার করতে চাই। এটাই হবে আমার বড় সংবর্ধনা।’ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও রেলক্রসিং সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে ২৪ নম্বর ওয়ার্ডে ডিএনসিসি আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন মেয়র।
তিনি বলেন, ‘জাতির জনকের জন্মদিনে আমাদের অনেক কিছু শেখার আছে। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, জনগণকে ভালোবেসেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ক্ষুধামুক্ত দেশের।’
পরিচ্ছন্নতার ব্যাপারে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমরা যখন বিদেশে যাই, সেখানে কোনো ধরনের ময়লা ফেলি না। কিন্তু ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যেই দেশ পেয়েছি, যে দেশে বঙ্গবন্ধু ও তার পরিবার শুয়ে আছে; সে দেশের মাটিতে কীভাবে ময়লা ফেলি। আসুন প্রতিজ্ঞা করি, আমরা ঢাকাকে আর নোংরা করব না।’
২৪ নম্বর ওয়ার্ডের ধারাবাহিকতায় সব ওয়ার্ডে ড্রেন, সড়ক পরিষ্কারের ঘোষণা দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী-সামাজিক-ব্যবসায়িক-পেশাজীবী সংগঠনের সদস্যরা।