এশিয়ার জনপ্রিয় দুই অ্যাকশন তারকা জ্যাকি চ্যান ও উ জিং ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ক্লাইম্বার্স’।
ছবিতে দেখানো হবে পর্বতারোহণের দুর্ধর্ষ গল্প। যেখানে কয়েকজন পর্বতারোহী বিশ্বের সবচেয়ে উঁচু চূড় জয় করবেন। খবরটি নিশ্চিত করেছে হলিউড রিপোর্টার।
বর্তমানে চীনে সিনেমাটির দৃশ্যায়ন চলছে। ২০২০ সালের দেশটির জাতীয় দিবস বা নববর্ষে মুক্তি পেতে পারে।
জ্যাকি ও উ’কে শেষবার একসঙ্গে দেখা গেছে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘শাওলিন’ সিনেমায়।
‘ক্লাইম্বার্স’ পরিচালনা করছেন ড্যানিয়েল লি। প্রযোজনা করছে সাংহাই ফিল্ম গ্রুপ। বাস্তব জীবনের তিন পর্বতারোহীর গল্প নাটকীয়ভাবে তুলে ধরা হবে এ সিনেমায়। ওয়াং ফুজু, গংপু ও কু জিনহুয়া নামের তিন ব্যক্তি ১৯৬০ সালে উত্তর শৈলশিরা মাউন্ট এভারেস্ট জয় করেন। সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে রয়েছে জিং বোরান ও হু গে।
শেষবার ‘দ্য নাইট অব স্যাডোস: বিটুইন ইন অ্যান্ড ইয়াং’ সিনেমায় দেখা গেছে জ্যাকি চ্যানকে। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা।
২০১৭ সালে মুক্তি পায় উ জিং-এর মিলিটারি অ্যাকশন সিনেমা ‘উলফ ওয়ারির টু’। ছবিটি ৮৭ কোটি ডলার আয় করে চীনা বক্স অফিসের অন্যতম ব্লকবাস্টারের মর্যাদা পেয়েছে। সর্বশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘দ্য ওয়ান্ডারিং আর্থ’ এ পর্যন্ত আয় করেছে সাড়ে ৬৫ কোটি ডলার।