নিখোঁজের দুই দিন পর ভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার

নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামের নিখোঁজ অটোভ্যানচালক কিশোর সাব্বির হোসেনের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে নড়াইল-গোববা সড়কের কাড়ারবিল এলাকায় একটি গর্তে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

জানা গেছে, স্বামী শাহাদত মোল্যা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বাস করায় আন্না বেগম দারিদ্রতার কারণে একমাত্র সন্তানকে পড়াশোনা করাতে পারেননি। জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে মা-ছেলের সংসার বেশ ভালোই কাটছিল।

কিছুদিন আগে ভ্যানটি চুরি হয়ে যায় সাব্বিরের। সংসারের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় মা আন্না বেগম স্থানীয় সমিতি থেকে ঋণ তুলে আরেকটি ভ্যান কিনে দেন। সাব্বিরের বয়স কম তাই ভ্যানে ব্যাটারি লাগিয়ে দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির গত ১৫ মার্চ বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। এ ঘটনায় সাবিবরের মা আন্না বেগম গত ১৬ মার্চ নড়াইল সদর থানায় একটি জিডি করেন।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রোববার বিকেলে স্থানীয় লোকজন নড়াইল-গোববা সড়কের কাড়ারবিল এলাকায় একটি গর্তে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ধারণা করা হচ্ছে- সাব্বিরকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যানটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে।