অভিনব কায়দায় ১৫ কেজি গাঁজা পাচারকালে দুবাইগামী যাত্রীসহ দুজনকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রথম মো. রুবেল নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে তোশকের ভেতরে করে দুবাইয়ে গাঁজা নিয়ে যাচ্ছিল। পরে গেটে অপেক্ষমাণ রুবেলের সহযোগী কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরের নিজাম উদ্দিনকে আটক করা হয়।
বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই আলম দেশ রূপান্তরকে জানান, রুবেল ফ্লাই দুবাই উড়োজাহাজের যাত্রী ছিলেন, যেটি সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে গেছে। লাগেজের পাশাপাশি আলাদাভাবে দুটি তোশক নিয়েছিলেন রুবেল। বিমানবন্দরের বোর্ডিং কাউন্টারে প্রবেশের সময় স্ক্যানারে তোশকের ভেতর সন্দেহজনক বস্তুর উপস্থিতি টের পান নিরাপত্তাকর্মীরা। পরে খুলে দেখা যায়, তোশকভর্তি গাঁজা। জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি বলেও জানান ওই কর্মকর্তা।