টাইগারদের জন্য মনোবিদের কথা ভাবছে বিসিবি

সামনেই বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে ভালো প্রস্তুতি ও ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির দুঃসহ স্মৃতি ভুলতে মনোবিদ নিয়োগের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যমকে বিষয়টি বলেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও টাইগাররা সুস্থভাবে দেশে ফেরায় সোমবার মিলাদ ও দোয়াও আয়োজন করে বিসিবি। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি বস।

এ সময় পাপন মনোবিদ প্রসঙ্গে বলেন, ‘‘এ রকম কিছু চিন্তা করছি। আমরা ওদের পর্যবেক্ষণে রেখেছি। তবে এ জন্যই যে (ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি) মনোবিদ আসবে তা নয়। আমরা ঠিক করেছি যে, সব মিলিয়ে বিশ্বকাপ আছে সামনে.. তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সাথে সময় কাটায় তা দলের জন্যই ভালো।’’

‘‘তখন যদি মনে হয় কারো বিশেষ কোনো সাহায্য দরকার, তাহলে অবশ্যই তা নেওয়া হবে।’’

এর আগেও টাইগারদের সঙ্গে বেশ ক’বার কাজ করেছেন মনোবিদরা। সর্বশেষ অক্টোবরে এসেছিলেন কানাডাপ্রবাসী মনোবিদ আলী আজহার খান।