মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার সিরাজুল হক মাদবর নামে এক ব্যবসায়ীর বাড়িতে মধ্য রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘটিত ডাকাতির সময় হামলায় আহত হয়েছেন বাড়ির গৃহকর্ত্রী আনোয়ারা বেগম। এ সময় অস্ত্রের মুখে বাড়ি থেকে প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল।
বাড়ির মালিক আলু ব্যবসায়ী সিরাজুল হক মাদবরের ছেলে লিটন মাদবর জানান, বাড়িতে ওই রাতে তার মা-বাবা ছাড়া আর কেউ ছিলেন না। রাতে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাতরা তার মা-বাবাকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে চলে যায়।