দুই বছর আগেও পত্রপত্রিকা খুললেই ঢালিউডের নায়িকা মাহিয়া মাহির খবর পাওয়া যেত। বক্স অফিসে এবং ভক্তদের আড্ডায়ও তিনি ছিলেন জীবন্ত। কিন্তু ধীরে ধীরে তার সেই ক্রেজ কমতে থাকে। জাজ মাল্টিমিডিয়া থেকে বেরিয়ে যাওয়া, হাতে সিনেমার সংখ্যা কমে যাওয়া, মুক্তিপ্রাপ্ত সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়া এবং বিয়ে ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়া মাহি দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে। তবে ফের আলোচনায় মাহি। বরাবরের মতো ব্যক্তিজীবন নিয়েই তার এবারের আলোচনা। আবার চাউর হয়েছে মাহিয়া মাহির গোপন প্রেম আর সংসার ভাঙার গুঞ্জন। তবে এমন গুঞ্জন একেবারেই উড়িয়ে দিলেন এই নায়িকা। তিনি বলেন, ‘আমি বিবাহিত একটি মেয়ে। তবু এসব গুঞ্জন কেন যে আমার পিছু ছাড়ছে না, বুঝতে পারছি না। একদল লোক আমার পেছনে লেগেছে সেটা বুঝতে পারছি, কিন্তু কারা এমন গুঞ্জন ছড়ায়, সেটাই বুঝতে পারি না। আসলে সেলিব্রেটিদের নামে এমন অবান্তর খবর রটিয়ে একটা শ্রেণি মজা নেয় আর কিছু মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না। আমি এখন স্বামী-সংসার আর কাজ নিয়ে সুন্দর সময় পার করছি, এটি ওই মানুষগুলোর চক্ষুশূল হয়েছে। এমন রটনা নতুন নয়। এসব কানেও নেই না, পাত্তাও দিই না।’
কিন্তু কিছুদিন এক নায়কের সঙ্গে মাহির ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়া ও স্বামীর সঙ্গে অভিমান চলছে, ফেইসবুকে এমন স্ট্যাটাস নিজেই দেওয়ার ফলে সবাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। অনেকেই বলছেন, নতুন প্রেমের জন্য মাহির সংসার ভাঙছে। দুটি প্রসঙ্গেই মাহি স্পষ্ট উত্তর দিলেন, ‘অনেক নায়কের সঙ্গেই তো ছবি তুলি। তবে আপত্তিকর বা গুঞ্জন ওঠার মতো কোনো ছবি তো কখনো তুলিনি। চলচ্চিত্র জগতের মানুষ সবাই একটি পরিবার। এখানে কেউ যদি কারও সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলে বা ছবি তুলে তাতে দোষটা কোথায়। আপত্তি করার কী আছে? আসলে কিছু মানুষ একবারও ভাবে না এতে একটি পরিবার কতটা বিব্রতকর অবস্থায় পড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার বর অপুর সঙ্গে এখন খুব একটা ছবি পোস্ট দেওয়া হয় না। কারণটা একেবারে ব্যক্তিগত, কিছুটা অভিমানেরও। আগে আমি অপুর সঙ্গে ছবি পোস্ট করেছি। অনেক রোমান্টিক স্ট্যাটাস দিয়েছি। কিন্তু অপু এ বিষয়ে খুব একটা আগ্রহী নয়। সে আমাকে নিয়ে তোলা কোনো ছবি ফেইসবুকে খুব একটা দেয় না। তেমন রোমান্টিক পোস্টও দেয় না। তাই আমি অপুকে বলেছি, যত দিন তুমি আমার সঙ্গে তোলা ছবি বা রোমান্টিক পোস্ট ফেইসবুকে দেবে না, তত দিন আমিও দেব না। এই হলো ঘটনা। এমন একটি মজার ঘটনাকে নিয়ে এভাবে উল্টাপাল্টা নিউজ হবে ভাবতেই কষ্ট লাগে।’
এদিকে, মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্ধকার জগৎ’। গত মাসের ২২ তারিখ মুক্তি পায় সিনেমাটি। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন ডি এ তায়েব। যদিও এই সিনেমার প্রচার-প্রচারণায় সেভাবে দেখা যায়নি তাকে। তবু নায়িকা হিসেবে সিনেমার সফলতা-ব্যর্থতার ভার তো তাকে কিছুটা হলেও নিতে হবে। এ সিনেমার দর্শক সাড়া কেমন ছিল? মাহি বলেন, ‘আশাতীত সাড়া পেয়েছি। ডি এ তায়েবের সঙ্গে আমার রসায়ন দর্শক সাদরে গ্রহণ করেছে। দর্শক প্রাণভরে ছবিটি উপভোগ করছে। সারা দেশে চতুর্থ সপ্তাহে এসেও ছবিটি প্রায় হাউসফুল ব্যবসা করছে।’