২০২০ সালে চুক্তির মেয়াদ শেষে বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনায় আর কোনো ট্রেন দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর রেলভবনে দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাই রোটেমের সঙ্গে ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বর্তমানে ৭৩টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে কোনো জমি বা ট্রেন আর কারও কাছে লিজ দেবে না। নতুন করে কোনো লিজ বা চুক্তি নবায়নও করবে না। জনগণের টাকায় সরকার নতুন লোকোমোটিভ কিনবে, কোচ কিনবে।’ বেসরকারি খাতে রেল পরিচালনার ব্যাপারে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, ‘রেলওয়ের স্থাপনা, লোকবল ব্যবহার করবে তারা, চুক্তির শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেবল টাকা গুনবেন। জনগণের জন্য পড়ে থাকবে ভোগান্তি আর রেলওয়ের জন্য বদনাম। এটা আর হতে দেওয়া হবে না।’ চুক্তি অনুযায়ী ৬৭৪ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৩৮২ টাকায় ২০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করবে হুন্দাই রোটেম কোম্পানি। চুক্তিতে সই করেন হুন্দাইয়ের সিইও ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিয়ং উক কিম ও রেলওয়ের প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী।