পিএসজি তারকা কিলিয়ান এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ জোসে মরিনিয়ো। তার মতে, বয়স ও সক্ষমতা বিবেচনায় ফরাসি এই ফরোয়ার্ড লিওনেল মেসি ও নেইমারের চেয়ে মূল্যবান খেলোয়াড়।
ক্লাব ও দেশের হয়ে দারুণ পারফরম্যান্সে এরই মধ্যে সবার নজর কেড়েছেন এমবাপে। গত বছর ফ্রান্সের হয়ে জিতেছেন বিশ্বকাপ। রাশিয়ায় হওয়া বিশ্ব চ্যাম্পিয়নদের আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটিও নিজের করে নেন আক্রমণভাগের এই খেলোয়াড়। সবশেষ ব্যালন ডি’অরের ভোটে এমবাপের অবস্থান ছিল চার।
সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি ও রোনালদো থেকে এমবাপে এগিয়ে রাখার পেছনে যুক্তিও দেখিয়েছেন মরিনিয়ো। তার মতে, দল-বদলের বাজারে খেলোয়াড়দের বয়স গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেক্ষেত্রে এগিয়ে আছে এমবাপে। তার বয়স মাত্র ২০। আর রোনালদো বয়স ৩৪; মেসির ৩১।
বয়স ও তারুণ্যের ব্যাপারটিই দল-বদলের বাজারে এমবাপেকে এগিয়ে রাখবে বলে মনে করেন মোরিনিয়ো, “ভবিষ্যতের কথা বললে, এমবাপের মতো একজন খেলোয়াড় পাঁচ-দশ বছরের মধ্যে কী হবে তা বলার অপেক্ষা রাখে না। এখনই সে অবিশ্বাস্য খেলোয়াড়।”
“আমি তার বয়টা বিবেচনায় নিচ্ছি। ক্রিস্তিয়ানো, মেসির বয়স ৩০ এর বেশি। নেইমারের বয়স ২৭...আপনি যখন দল-বদলের বাজারের কথা বলবেন তখন বয়স একটা বিষয়। আমার মতে, সে (এমবাপে) বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।”
“দল-বদল নিয়ে অনুমান করে বলা যায়, ফুটবলে সে এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আর সক্ষমতার বিষয়টি বললে, সে অসাধারণ একজন খেলোয়াড়। এই একটা শব্দই যথেষ্ট।”