রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ এলাকায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় বাসের হেলপারসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার ধাপেরহাট সীমানাবর্তী এলাকা ফাইভস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে আসা রংপুরগামী জাকির পরিবহনের যাত্রীবাহী বাস ফাইভস্টার মোড়ে পৌঁছে।
এ সময় রংপুরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ও দুই নারী নিহত হন। আহত হন আরও দুইজন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহত দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করান।
নিহত দুই নারীর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় এবং হেলপারের বাড়ি সিলেট জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।