চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জমির উদ্দিন (৩০) নামে আবুধাবিগামী এক যাত্রীর জুতার সোলে ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বিমানবন্দরে তল্লাশির সময় সিভিল এভিয়েশনের স্ক্যানিং মেশিনে মাদক বহনের বিষয়টি ধরা পড়ে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম দেশ রূপান্তরকে বলেন, সকালে শেষ পর্যায়ের তল্লাশির সময় স্ক্যানারে মাদকের অস্তিত্ব পাওয়া গেলে, পরে জমিরের জুতা খুলে বিশেষ কৌশলে সোলের ভেতর লুকিয়ে রাখা ৫৪০ পিস ইয়াবা এবং দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবি যাওয়ার কথা ছিল। মাদক উদ্ধারের পর তাকে নিরাপত্তাকর্মীরা আটক করেন।
আটক জমির উদ্দিনের বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
এর আগে সোমবার মাস্কাটগামী এক যাত্রী তোষকের ভেতর ছয় কেজি গাঁজা নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে শাহ আমানত বিমান বন্দরে।