করের টাকা নারী অধিকার প্রতিষ্ঠায় বিনিয়োগের দাবি

করের টাকা নারী অধিকার প্রতিষ্ঠায় বিনিয়োগের দাবিতে ইক্যুইটিবিডিসহ ১৮টি নাগরিক সংগঠন মানববন্ধন করেছে।

গ্লোবাল ডেইজ অব অ্যাকশন উপলক্ষে কর ন্যায্যতা এবং নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির সমন্বয়কারী মোস্তফা কামাল আকন্দ। আয়োজকদের পক্ষ থেকে এতে মূল বক্তব্য উপস্থাপন করেন একই প্রতিষ্ঠানের সমন্বয়কারী ফেরদৌস আরা রুমী।

করের টাকা নারী অধিকার প্রতিষ্ঠায় বিনিয়োগের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বজুড়ে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে পুরুষরা ভোগ করছে অগ্রাধিকার। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে অসম নিয়োগ, পদোন্নতি, মজুরি ইত্যাদি বহুমুখী বৈষম্যের শিকার নারীরা। অথচ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বাড়ছে। অন্যদিকে নারীর গৃহস্থালি ও সেবামূলক শ্রমকে অদৃশ্য শ্রম হিসেবে বিবেচনা করে এই শ্রমকে রাখা হয়েছে জাতীয় অর্থনীতির বাইরে। অর্থনীতিতে নারীর বিপুল অবদানকে স্বীকার করার দাবিও জানান বক্তারা।

অন্যান্যদের মধ্যে এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কিষানি সভার সভাপতি রেহানা আকতার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক বরকত উল্লাহ মারুফ, ভাসমান নারী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইক্যুইটিবিডি’র প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী প্রমূখ।

মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়, সেগুলো হলো- ১. শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ খাতের বেসরকারিকরণ নয়, ২. সকল ক্ষেত্রে নারী-পুরুষের মজুরি বৈষম্য কমাতে হবে, ৩. দক্ষ নারী শ্রমিক তৈরি করতে হবে, ৪. নারীপ্রধান পরিবারের ওপর করের বোঝা নয়, ৫. নারীর সকল কাজের আর্থিক মূল্য বিবেচনা করতে হবে, ৬. করের টাকা নারীর অধিকার প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে হবে এবং ৭. নারীবান্ধব কর্মপরিবেশ এবং ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে।