মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল রূপগঞ্জ

বৃথা গেল আব্দুল মজিদের সেঞ্চুরি। এই ওপেনারের শতক ও নাদিফ চৌধুরীর ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তবে নাঈম ইসলাম, মুমিনুল হক ও ঋষি ধাওয়ানের ফিফটিতে লিজেন্ডস অব রূপগঞ্জ মোহামেডানের ছুড়ে দেওয়া লক্ষ্যটা টপকে যায় দারুণভাবে। এবারের লিগে মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল দলটি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান করে মোহামেডান। জবাবে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

টস হেরে আগে ব্যাট করতে নামা মোহামেডান ওপেনার অভিষেক মিত্রকে হারায় দ্রুত। তবে আরেক ওপেনার মজিদ আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তবেই থেমেছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ১২৬ বলে ১০৭ রানের ইনিংসটি তিনি খেলেন ৫ চার ও ৩ ছক্কায়।

ছয় নম্বরে নেমে নাদিফ চৌধুরী ৪৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ৪টি করে ছক্কা ও চার হাঁকান তিনি। এ ছাড়া রকিবুল হাসান ২৯, ইরফান শুক্কুর ২৫ ও চতুরাঙ্গা ডি সিলভা অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ সর্বাধিক ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে রূপগঞ্জ দলীয় ৮ রানে ওপেনার আজমির আহমেদের (৩) উইকেট হারায়। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম (৩৩) ফেরেন দলীয় ৪০ রানে। তবে মুমিনুল হক ও শাহরিয়ার নাফীসের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৭ রানের জুটি গড়েন এই দুজন।

নিউ জিল্যান্ড থেকে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির স্মৃতি বইয়ে আনলেও বিশ্রাম না নিয়ে মুমিনুল মাঠে নেমেই করলেন ফিফটি। ৫৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন এই বাঁ-হাতি। নাফীস ২৫ রান করে ফেরেন। তবে অধিনায়ক নাঈম ইসলাম ভারতীয় অলরাউন্ডার ঋষি ধাওয়ানকে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৯৯ রানের জুটি।

ঋষি ৫১ রান করে ফেরেন। নাঈম হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু রান আউটে কাটা পড়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৯২ বলে ৮ চারে ৮৫ রানের ইনিংস খেলেন নাঈম। ৪৯তম ওভারের শেষ বলে যখন ফেরেন নাঈম, ততক্ষণে রূপগঞ্জের জয় ছিল সময়ের ব্যাপার। ম্যাচসেরার পুরস্কার হাতে ওঠে নাঈমের। মোহামেডানের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন শফিউল ইসলাম।

রূপগঞ্জের এটি তৃতীয় জয়। চার ম্যাচে মোট ৬ পয়েন্ট দলটির। সমান ম্যাচে সমান ৩ জয় ও ১ হার নিয়ে মোহামেডানের পয়েন্ট ৩।