এনামুল-অভিমানুর সেঞ্চুরিতে শেখ জামালকে হারাল প্রাইম ব্যাংক

এনামুল হক বিজয় ও অভিমানু ইশ্বরণের সেঞ্চুরিতে আগে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল সেই পাহাড় পটকানোর লক্ষ্যে খুব ভালোভাবে যে এগোতে পারছিল তা নয়। শেষে বৃষ্টি নামলে খেলা হলো পণ্ড। তবে বৃষ্টি আইনে ম্যাচটি ২৯ রানে জিতে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৯ রানে হারায় প্রাইম ব্যাংক।

টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৪ রান করে প্রাইম ব্যাংক। জবাবে বৃষ্টি হানা দেওয়ার আগে ৩৭.১ ওভারে ২০৬ রান করতে পেরেছিল শেখ জামাল। বৃষ্টি আইনে জিততে হলে এই সময়ে তাদের দরকার ছিল ২৩৬ রান।

প্রাইম ব্যাংক এদিন মাত্র ৫ রানেই ওপেনার রুবেল মিয়াকে হারায়। তবে এনামুল হক ও অভিমানু ইশ্বরণ দ্বিতীয় উইকেটে গড়েন ১৯৪ রানের জুটি। এনামুল তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে একাদশ সেঞ্চুরি। ১২০ বলে ৮ চারে ১০১ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। অভিমানু উইকেটে ছিলেন আরো কিছুক্ষণ। ১২৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ১৩৩ রান করেন এই ভারতীয় ক্রিকেটার।

এরপর আরিফুলের ঝোড়ো ইনিংসে শেখ জামালকে বড় লক্ষ্য দেয় প্রাইম ব্যাংক। আরিফুল ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন। শেখ জামালের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন তানবীর হায়দার। নিউ জিল্যান্ড থেকে ফেরায় তাইজুল ইসলাম এদিন শেখ জামালের হয়ে মাঠে নামেন। তবে ১০ ওভার বল করে ৫৭ রানে ১ উইকেট নেন তিনি।

জবাব দিতে নামা শেখ জামালের পক্ষে বৃষ্টির আগে ফিফটি করেছেন নাসির হোসেন ও নুরুল হাসান সোহান। নাসির ৭৬ বলে ৭৬ রান করেছেন ১০ চার ও ২ ছক্কায়। সোহান ৬৫ বলে ১ ছক্কা ও ৩ চারে ৫৪ রানে অপরাজিত ছিলেন।

প্রাইম ব্যাংকের এটি তৃতীয় জয়। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট দলটির। শেখ জামাল হারল তৃতীয় ম্যাচে। চার ম্যাচে একটি মাত্র ম্যাচ জিতেছে দলটি।