দুই ভুয়া চিকিৎসক আটক

মেডিসিন, গাইনি ও শিশু বিশেষজ্ঞ, সিনিয়র মেডিকেল অফিসার পরিচয়ে দীর্ঘদিন রোগী দেখা ও চিকিৎসা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। গত সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারে গ্যালাক্সি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝাউবাড়ি গ্রামের মৃত শামসুল হকের ছেলে হায়দার আলী (৩৭) ও গাজীপুরের শ্রীপুর থানার ইন্দ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার র‌্যাব ১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার মনিপুর এলাকায় গ্যালাক্সি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে হায়দার ও সাইফুলকে আটক করা হয়। এ সময় চিকিৎসার বিভিন্ন যন্ত্রাপাতি, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া ডাক্তারি সার্টিফিকেট, ভুয়া ডাক্তারি চিকিৎসার ব্যবস্থাপত্র প্যাড, ব্যক্তিগত সিল এবং মোবাইল ফোন, নগদ ২৫ হাজার ৭৪ টাকাও উদ্ধার করা হয়। তারা বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে ৫০০ টাকা ভিজিট নিয়ে রোগী দেখত। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।