এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবিগামী এক যাত্রীর জুতায় মিলল ইয়াবা ও গাঁজা। গতকাল মঙ্গলবার সকালে তল্লাশির সময় সিভিল এভিয়েশনের স্ক্যানিং মেশিনে মাদক বহনের বিষয়টি ধরা পড়ে। এ সময় জমির উদ্দিন (৩০) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। এর আগে গত সোমবার তোশকের ভেতর ছয় কেজি গাঁজা নিয়ে যাওয়ার পথে ধরা পড়েন ওমানগামী এক যাত্রী।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম দেশ রূপান্তরকে বলেন, শেষ ধাপের তল্লাশির সময় স্ক্যানারে মাদকের অস্তিত্ব ধরা পড়ে। পরে জমিরের জুতা খুলে বিশেষ কৌশলে সোলের ভেতর লুকিয়ে রাখা ৫৪০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি জানান, জমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবুধাবি যাওয়ার কথা ছিল। মাদক উদ্ধারের পর নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।