নারী দোকান মালিক খুন কর্মচারী পলাতক

নগরীর হালিশহরে লাকি আক্তার (৩০) নামে এক দোকান মালিক খুন হয়েছেন। গত সোমবার রাতে হালিশহর কে ব্লকে এ ঘটনার পর থেকে দোকান কর্মচারী পলাতক। পুলিশ বলছে, কর্মচারী খালেদ লাকি হত্যায় জড়িত। নিহত লাকি চার সন্তানের মা। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। লাকির স্বামী শ্রীলঙ্কার নাগরিক নাস সু নাগাম চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় চাকরি করেন।

হালিশহর থানার ওসি ওবায়দুল হক বলেন, ‘লাকি একটি ফাস্ট ফুড ও বুটিকসের দোকান পরিচালনা করতেন। দোকানের পেছনে তার লাশ পাওয়া যায়, ধাতব বস্তু দিয়ে তার মুখ থেঁতলে দেওয়া হয়।’ প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘দোকান কর্মচারী খালেদ তাকে খুন করে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’ লাকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।