রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী নিহতের বিচার শেষ হয়নি

গত বছর রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিচারকাজ এখনো শেষ হয়নি। আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলার রায় হতে পারে বলে আশা করছেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শরিফুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতে মামলার চার্জশিট দাখিলের পর বেশির ভাগ সাক্ষীর সাক্ষ্যপ্রদান সম্পন্ন হয়েছে। এখন মামলার প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে আমার ও প্রাথমিক তদন্ত কর্মকর্তা হিসেবে ক্যান্টনমেন্ট থানার এসআই রিয়াদের সাক্ষ্য প্রদান বাকি রয়েছে।’

মামলার আসামিদের অবস্থানের বিষয়ে এসআই রিয়াদ জানান, জাবালে নূর পরিবহনের মালিক জামিনে রয়েছেন। অন্য আসামিরা জেলে রয়েছে।

বিচারে দীর্ঘসূত্রতা ও শাস্তির বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পুরনো আইনে সড়ক দুর্ঘটনার মামলার বিচার হওয়ায় আসামিদের যথাযথ শাস্তি হচ্ছে না। পুরনো আইনে জামিনের সুযোগ থাকায় আসামিরা জামিনে বের হয়ে যাচ্ছে, যার কারণে বিচারকাজে বিলম্ব হচ্ছে। একই কারণে সড়কে মৃত্যুর মিছিলও থামছে না।’ তিনি বলেন, প্রস্তাবিত নতুন আইন জামিন অযোগ্য করা হয়েছে।

গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএসে জিল্লুর রহমান ফ্লাইওভারের কাছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই আবদুল করিম ও দিয়া খানম নামে দুই কলেজশিক্ষার্থী নিহত হন।