কক্সবাজারের মহেশখালীতে ইটভর্তি পিকআপভ্যান খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী উপজেলার মাতাবাড়ী ইউনিয়নের 'মাতারবাড়ী সড়কের ধারাখাল মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
এতে ঘটনাস্থলে মারা যায় মাতাবাড়ী ইউনিয়নের ফুলজান মোরা এলাকার আব্দুল করিমের ছেলে মো. শেকাব উদ্দিন (৩০) এবং একই ইউনিয়নের মাঝের ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে মোহাম্মদ মামুন (২২)। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি ওসি।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, রাতে ইটভর্তি একটি পিকআপ মাতারবাড়ী স্টেশনে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি নির্বাচনী প্রচারণা গাড়িকে পাশ দিতে গিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে ৭/৮ জন চাপা পড়ে।
ঘটনাস্থলে মারা যান মো. শেকাব উদ্দিন নামের একজন মালামাল উঠানামার শ্রমিক। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ইটভর্তি পিকআপভ্যানটির চালক ও সহকারী ছাড়া আরও ৮ জন শ্রমিক ছিলেন। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে একজনের লাশ মাতারবাড়ী পুলিশ ফাঁড়িতে এবং আরেকজনের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে বলেন প্রভাষ ধর।
ওসি জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।