ক্রাইস্টচার্চে জুমার নামাজে আসছেন পুরো নিউজিল্যান্ডের মুসলিমরা

শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। এদিন পুরো নিউজিল্যান্ড থেকে মুসলিমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্রাইস্টচার্চে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় মুসলিম নেতা।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর খুলে দেওয়া হচ্ছে ক্রাইস্টচার্চের মসজিদ।

শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আবার নিয়মিত কার্যক্রম শুরু হতে যাচ্ছে মসজিদের। এর মধ্যে মসজিদ মেরামত ও সাজসজ্জার কাজও শুরু হয়ে গেছে পুরোদমে।

পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিদের ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ চলছে।

লিনউড মসজিদও খুলে দেওয়া হবে এ সপ্তাহে। জনসাধারণের আস্থা ও নিরাপত্তার জন্য দুই মসজিদেই নিরাপত্তা জোরদার করা হবে।

ক্যান্টারনবারি মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাগাফ খান জানান, তিনি আবার মসজিদে ফিরে আসতে চান। স্থানীয় অন্যান্য মুসলিমরাও একই কথা ভাবছেন।

তিনি বলেন, যা ঘটার ঘটে গেছে, এরকম যাতে আর না ঘটে। মুসলিমরা অপেক্ষায় আছে কখন তারা মসজিদে নামাজ পড়তে যাবে।

সাগাফ খান আরও জানান, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার পুরো নিউজিল্যান্ড থেকে মুসলিমরা ক্রাইস্টচার্চে আসতে পারেন। আল নুর মসজিদে মুসল্লিদের ধারণক্ষমতা ছাড়িয়ে যেতে পারে এতে।

এদিকে কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ঘোষণা দিয়েছেন, টিভি এনজেড এবং আর এনজেড চ্যানেলে শুক্রবারের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হবে। এ ব্যাপারে জাতীয়ভাবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।