ঢাকার অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম নায়ক অনন্ত জলিল আহত হয়েছেন। ইরানে নতুন ছবির শুটিংয়ে ঘটে বিপত্তি। বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
কয়েক দিন আগে ইরানে হেরাতের মরুভূমিতে ‘দ্বীন দ্য ডে’ সিনেমার শুটিং করছিলেন অনন্ত। হঠাৎ-ই উটের পিঠ থেকে পড়ে যান।
এর পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইস্পাহানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন অনন্ত। তখন চিকিৎসকেরা জানান, বুকের পাঁজরে আঘাত লেগেছে তার। দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে।
এরপর অনন্ত ঢাকায় ফিরে আসেন। কিন্তু দেশে ফেরার পর তার বুকের ব্যথা আরও প্রকট আকার ধারণ করে। তার সঙ্গে যোগ হয় অতীতের ইনজুরি ইনফেকশনের ভয়।
এরপরই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন অনন্ত।
এই সব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘দ্বীন দ্য ডে’র ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।
এর আগে ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আহত হয়েছিলেন অনন্ত।
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দ্বীন দ্য ডে’। পরিচালনা করছেন ইরানের আলী রেজা তাবেশ। সিনেমাটিতে বর্তমান অস্থির বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইসলামের ইতিবাচক দিক তুলে ধরা হবে। একাধিক দেশের হবে দৃশ্যায়ন। থাকছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পী।