ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত রাজনীতিক মায়াবতী। তিনি জানিয়েছেন, ভোটে দাঁড়ানোর পরিবর্তে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাব বলয়ের বিরুদ্ধে ‘জোট গঠনে জোর’ দেবেন তিনি। ভারতের নিম্নবর্ণের দলিতদের নেতৃত্বের প্রতীক মায়াবতী। তিনি উত্তরপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী। এ রাজ্য থেকেই সবচেয়ে বেশি আইনপ্রণেতা নির্বাচিত হয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়।
আগামী ১১ এপ্রিল থেকে কয়েক ধাপে লোকসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিজেপি বা বিরোধী দল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ব্যবধান গড়ে দেবে মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) মতো আঞ্চলিক দলগুলো। বিবিসির খবরে জানানো হয়, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মায়াবতী প্রার্থী না হওয়ার সিদ্ধান্তের কথা জানান। এতে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, যেকোনো সময় চাইলে তিনি লোকসভায় জয়ী হতে পারেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি।