এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১১৯ কোটি ২৮ লাখ টাকা ঋণ সহায়তা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেড। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণ ও এর মাধ্যমে কৃষকদের আয় এবং দক্ষতা বাড়াতে প্রাণ গ্রুপকে এই ঋণ সহায়তা দিচ্ছে এডিবি।
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এডিবি ও সিলভান এগ্রিকালচারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এডিবির দেওয়া অর্থ পটেটো চিপস, পটেটো ফ্লেকস ও পাস্তার নতুন প্রোডাকশন লাইন নির্মাণে ব্যয় করা হবে। নতুন এই প্রকল্পে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যার অর্ধেক হবে নারী। এতে সরাসরি লিঙ্গ বৈষম্য কমাতে ভূমিকা রাখবে।
এডিবির ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট (প্রাইভেট সেক্টর) তুশনা ডোরা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে। এই খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে; যার ফলে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কৃষি খাতের সুবিধা ভোগ করছে।’ তিনি আরও বলেন, ‘কৃষি খাতের উন্নয়নে এডিবি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে বিনিয়োগের অংশ হিসেবে সিলভান এগ্রিকালচারকে দ্বিতীয়বারের মতো এই ঋণ দিচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে কয়েক হাজার কৃষকের জীবনমান উন্নত হবে ও নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও আয় বৃদ্ধির সুযোগ পাবে।’
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এডিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার থেইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও বাংলাদেশে নিযুক্ত এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি-সহ দুই প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।