নারায়ণগঞ্জে রাঙ্গা

উন্নয়নের প্রয়োজনেই সরকারের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ

দেশ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির প্রয়োজনেই সরকারের সঙ্গে জাতীয় পার্টির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দরকার বলে মনে করেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌধুরীবাড়ী এলাকায় নাসিম ওসমান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে তিনি আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে সব কটি পদে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় পার্টিকে প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন।

স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সার্বিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের এ জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে। সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানা উল্লাহ সানু।