সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই পথচারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সড়ক অবরোধ করে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন স্থানীয়রা।

নিহত কলেজ ছাত্র হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

কামারখন্দ থানার ওসি হাবিবুর রহমান জানান, এসিআই এগ্রো লি. কোম্পানির কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন আরও দুই পথচারী।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকাবাসীকে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা শান্ত হয়। সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয় তারা।

অবরোধ চলাকালে এ সড়কের দু’পাশে শত শত যানবহন আটকা পড়লে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।