দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় নোয়াখালীতে ৪ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টুকন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জেলা আওয়ামী লীগের সদস্য আলাবক্স তাহের টিটু কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী কামরুন নাহার শিউলীর বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং বেগমগঞ্জ উপজেলায় দলীয় প্রার্থী ওমর ফারুক বাদশার বিরুদ্ধে মোহাম্মদ উল্যা ভিপি বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং আলাবক্স তাহের টিটুর পক্ষ নেয়ায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।
বহিষ্কৃত আলাবক্স টিটু, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক বাদশার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে বেগমগঞ্জে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কবিরহাটে বহিস্কৃত নুরুল আমিন রুমি শিউলী একরামের দেবর ও জহিরুল হক রায়হান তার ভাগিনা। তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাওয়ায় তাদেরকেও বহিষ্কার করা হয়।
এদিকে বহিষ্কৃত নেতা নুরুল আমিন বলেন, “কে, কাকে বহিষ্কার করে? দলীয় শৃঙ্খলা অনুযায়ী শোকজ করতে হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা বহিষ্কার গঠনতন্ত্র বিরোধী। আমরা এ বহিষ্কার আদেশ পাইনি এবং এটা মানি না। আওয়ামী লীগকে কারো বৈঠকখানা লীগ বানাতে দেয়া যায় না।”
ভিপি মোহাম্মদ উল্যা বলেন, “আমি বঙ্গবন্ধুর হাতে গড়া কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের জন্য জীবন দিতে রাজি আছি।”
কবিরহাট পৌরসভার মেয়র বলেন, “মামা একরামুল করিম চৌধুরী এমপি আওয়ামী লীগ নেতাদের বহিস্কার করে বিএনপি-জামাত নেতাদের দিয়ে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করেছে এটা মেনে নেয়া যায় না। ৩১ মার্চের নির্বাচনে তাকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শামছু উদ্দিন জেহান জানান, গঠনতন্ত্র বিরোধীদের দল থেকে বহিষ্কার করে দলকে শুদ্ধ অভিযানের দিকে নেয়া হচ্ছে।