আওয়ামী লীগের সভায় গোবর নিক্ষেপ: পাল্টাপাল্টি দোষারোপ

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর আসনে আওয়ামী লীগের সভায় গোবর নিক্ষেপের ঘটনায় পরস্পরকে দোষারোপ করছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম এবং দলের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু।

এ নিয়ে বৃহস্পতিবার নৌকা সমর্থিত ও দোয়াত কলমের প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

জেলা আওয়ামী লীগের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আবুল কাশেমের পক্ষে  সংবাদ সম্মেলন করা হয়।

এরপর দুপুর ১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে একেএম সালাউদ্দিন টিপু সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার প্রচারণা সভা চলাকালে নেতাকর্মীদের লক্ষ্য করে গোবর নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ সময় কয়েকজন সিনিয়র নেতার গায়ে গোবর লাগে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।

একই সঙ্গে নির্বাচন সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করে নৌকার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনে গোবর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন সালাউদ্দিন টিপু।

তিনি বলেন, নৌকার প্রার্থীর জনপ্রিয়তা শূন্য দেখে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে তারা। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান এই প্রার্থী।

আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় লক্ষ্মীপুর সদরসহ জেলার পাঁচ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।