লালমনিরহাট শহরে পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত পানি সরবরাহ লাইনের মেরামত ও নতুন পাইপলাইন স্থাপনে খোঁড়াখুঁড়িতে কাটা পড়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ক্যাবল। এতে শহরের অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে টেলিফোন সংযোগ ও এডিএসএলের ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস। ফলে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। সেবা না পেয়েও তাদের গুনতে হচ্ছে টেলিফোন ও ব্রডব্যান্ডের সংযোগ বিল।
লালমনিরহাট বিটিসিএল অফিস সূত্রে জানা যায়, পৌর এলাকায় পানির পাইপলাইন স্থাপনে রাস্তা খোঁড়াখুঁড়িতে ভূগর্ভস্থ ক্যাবল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ছিন্নভিন্ন হয়ে পড়েছে শহরের টেলিফোন নেটওয়ার্ক। গ্রাহকসেবা মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে বিকল্প ব্যবস্থায় কন্ট্রোল রুম ও গ্রিডের টেলিফোন লাইন সংযোগ দেওয়া হলেও একাধিক সরকারি অফিসসহ শহরের হাসপাতালের পূর্ব গেট থেকে নয়ারহাট পর্যন্ত, জেলখানা রোড, বালাটারী, রামকৃষ্ণ মিশন রোড, জুম্মাপাড়া, থানাপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে টেলিফোন সংযোগ।
লালমনিরহাট বিটিসিএলের জুনিয়র অ্যাসিসন্ট্যান্ট ম্যানেজার মিনহাজ হোসেন মোস্তাজির জানান, লালমনিরহাটে ৬৩৫ জন গ্রাহক রয়েছে এর মধ্যে ১০১ জন ব্রডব্যান্ড ইন্টারনেট এর গ্রাহক। ক্ষতিগ্রস্ত ক্যাবল নিয়ে জেলা সমন্বয় সভা ও লালমনিরহাট পৌর মেয়রকে মৌখিক ও লিখিতভাবে অভিহিত করা হয়েছে। শহরে রাস্তা খোঁড়াখুঁড়ির সময় সাবধানে কাজ করার জন্য একাধিকবার পরামর্শ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে তিনি জানান। লালমনিরহাট পৌরসভার পানি সরবরাহ শাখা অফিস সূত্রে জানা যায়, ইউজিআইআইপি ৩-এর অর্থায়নে পৌরসভার ১৬ কিলোমিটার এলাকায় নতুন পাইপলাইন স্থাপনের কাজ চলছে। লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু দেশ রূপান্তরকে জানান, সংশ্লিষ্ট ঠিকাদার টেলিফোন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতে ভূমিকা রাখবে বলে তিনি আশ্বস্ত করেছেন।