যুক্তরাজ্যের বার্মিংহামে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি মসজিদ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্ণবাদী শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়। এরপর যুক্তরাজ্যে মুসলিমদের ধর্মীয় স্থাপনায় এটি সর্বশেষ আঘাত বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্মিংহামের চার মসজিদের জানালায় ভাঙচুর চালানোর পর গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে বলে পুলিশ মনে করছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার গভীর রাতে হাতুড়ি দিয়ে এক লোককে মসজিদের জানালা ভাঙার খবর পায় পুলিশ। এর পরপরই ব্যবস্থা নেন বাহিনীর কর্মকর্তারা। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আশপাশের কর্মকর্তারা ওয়েস্ট মিডল্যান্ডসের চারপাশের মসজিদগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।’
বিবৃতিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের প্রধান কনস্টেবল ডেইভ থম্পসন বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বেদনাদায়ক ঘটনার পর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের কর্মকর্তা ও সদস্যরা মসজিদ, গির্জা ও প্রার্থনাস্থলগুলোকে পুনঃআশ্বাস ও সহায়তা দিতে আমাদের এ অঞ্চলের বিশ্বাসী সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’ তিনি গতকাল বলেন, ‘গত রাতের হামলার উদ্দেশ্য কী ছিল, তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না।’
ফরেনসিক বিশেষজ্ঞরা চারটি হামলাস্থল থেকে আলামত শনাক্তের চেষ্টা করছেন। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজও যাচাই করে দেখা হচ্ছে।