এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ইউরো ২০২০ বাছাইয়ে শুভ সূচনা করেছে বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে রাশিয়াকে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার রাতে ব্রাসেলসের কিং বোদুইন স্টেডিয়ামে গ্রুপ-১ এর ম্যাচে রাশিয়াকে ৩-১ গোলে হারায় বেলজিয়াম। মিডফিল্ডার ইউরি তিলমানসের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় দলটি। দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান রাশিয়ার দেনিস চেরশেভ। পরে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন হ্যাজার্ড।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বেলজিয়াম। গোল পেতেও খুব দেরি হয়নি তাদের। এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের শটে জাল খোঁজে নেন তিলমানস।
তবে ব্যবধান খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বেলজিয়াম। দুই মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় অতিথিরা। স্বাগতিক দলের গোলরক্ষক থিবো কর্তোয়ার ভুলে বল চলে যায় রাশিয়ার দখলে। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন চেরশেভ।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মহূর্তে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন হ্যাজার্ড। স্পট কিক থেকে গোলটি করেন চেলসির এই ফরোয়ার্ড।
ম্যাচের নির্ধারিত খেলা শেষ হওয়ার আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলপি এনে দেন হ্যাজার্ড। মিচি বাতসুয়ায়ির পাস থেকে গোলটি করেন ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
গ্রুপের অপর ম্যাচে সানমিরানোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইপ্রাস। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে কাজাখস্তান।